সহজমোবাইলে মিলবে ই-লোন, স্মার্টফোন কেনায় মিডল্যান্ড ব্যাংকের নতুন উদ্যোগ

গ্রাহকদের কাছে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা পৌঁছে দিতে এবং প্রযুক্তিগত জীবনযাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন পদক্ষেপ নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)। এখন থেকে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের তাৎক্ষণিক ই-লোন বা ডিজিটাল ঋণ সুবিধা প্রদান করবে ব্যাংকটি। এই উদ্দেশ্যে দেশের অন্যতম মোবাইল রিটেল সেবাদাতা প্রতিষ্ঠান সহজমোবাইল বিডি লিমিটেডের সঙ্গে সম্প্রতি এক কৌশলগত সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায়, গ্রাহকেরা সহজমোবাইলের নির্ধারিত যেকোনো মার্চেন্ট পয়েন্ট বা আউটলেট থেকে পছন্দের স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য কেনার জন্য মিডল্যান্ড ব্যাংকের ই-লোন সেবা নিতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন উপায়ে সহজ শর্তে এই ঋণ প্রদান করা হবে, যার ফলে গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা হবে অত্যন্ত দ্রুত ও ঝামেলাহীন।

সম্প্রতি আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের সমন্বয়ক মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডির পরিচালক আবু আল মোতালিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমতিয়াজ উদ্দিন আহমেদ; প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন এবং সহজমোবাইল বিডির সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু ও হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

ব্যাংক কর্তৃপক্ষের মতে, বর্তমান যুগে স্মার্টফোন আধুনিক জীবনের একটি অপরিহার্য অনুষঙ্গ। প্রযুক্তি নির্ভর এই যুগে ক্যাশলেস ও ডিজিটাল সুবিধা বাড়াতে মিডল্যান্ড ব্যাংক সর্বদা নতুন সেবার প্রসার ঘটিয়ে চলেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় সহজমোবাইলের সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের ডিজিটাল ঋণ গ্রহণের সুযোগকে আরও সুগম করবে এবং তাদের স্মার্ট ডিভাইস কেনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বড় ভূমিকা রাখবে।

Post a Comment

0 Comments