রংপুরে নির্জন সড়কে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সিদ্দিক উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ওবায়দুর রহমান এবাদ জানান, রোববার সন্ধ্যার পর সিদ্দিক নিজ বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। বাজারের পাশেই কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের শেষ সীমানা চরচতুরা গ্ৰাম।

রাত আনুমানিক ৯টার দিকে স্বজনরা জানতে পারেন যে, চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তার ওপর সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মুখে কুপিয়ে এবং গলাকেটে হত্যার পর মরদেহ ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

জেডআইকে/এমএমকে

Post a Comment

0 Comments