সব পেয়েও মিলছে না মানসিক শান্তি? জেনে নিন বার্নআউটের লক্ষণ ও মুক্তির উপায়

বাহ্যিক দৃষ্টিতে জীবন হয়তো একেবারেই নিখুঁত—ভালো চাকরি, সামাজিক মর্যাদা এবং আর্থিক স্বাচ্ছন্দ্য। তবুও কেন যেন ভেতরে ভেতরে এক ধরণের শূন্যতা আর চরম ক্লান্তি আপনাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছে? অনেকেই এটিকে সাধারণ ‘কাজের চাপ’ বলে এড়িয়ে যান। তবে মনস্তাত্ত্বিকদের মতে, দীর্ঘদিনের মানসিক চাপ ও হতাশা থেকে জমা হওয়া এই পরিস্থিতি হতে পারে ‘মানসিক বার্নআউট’ (Mental Burnout)-এর স্পষ্ট ইঙ্গিত।

নিজের চাওয়া-পাওয়ার সঙ্গে বাস্তব জীবনের অসামঞ্জস্য এবং সব সময় অন্যের প্রত্যাশা পূরণের অবিরত চেষ্টা মানুষকে মানসিকভাবে নিঃশেষ করে দেয়। সাধারণত ৫টি প্রধান লক্ষণের মাধ্যমে মানসিক বার্নআউট প্রকাশ পায়:

১. বিশ্রামের পরও ক্লান্তি: টানা ৮ ঘণ্টা ঘুমানোর পরও যদি সকালে শরীর ও মন স্বাভাবিক না লাগে এবং অবসাদ কাটতে না চায়, তবে বুঝতে হবে চাপটি অনেক গভীর।
২. দিন শুরু করা নিয়ে ভীতি: সকালে ঘুম ভাঙার পরেই যদি মনে হয় ‘আবারও একটা অর্থহীন ও কঠিন দিন শুরু হলো’, তবে নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া জরুরি।
৩. অর্জনে অসন্তুষ্টি ও শূন্যতা: অন্যের চোখে আপনি দারুণ সফল, কিন্তু নিজের কাছে জীবনটা উদ্দেশ্যহীন মনে হচ্ছে। পছন্দের বিপরীত কোনো কাজ শুধু টিকে থাকার জন্য করে গেলে মানসিক বার্নআউট অবশ্যম্ভাবী।
৪. অর্থ কেন্দ্রিক অপরাধবোধ: নিজের উপার্জিত অর্থ নিজের ভালো লাগার জন্য খরচ করতে গিয়ে যদি অপরাধবোধ কাজ করে, তবে জীবনযাপন নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।
৫. জীবনের লক্ষ্যের সঙ্গে দূরত্বের বৃদ্ধি: সমাজ কী বলবে ভেবে মনের বিরুদ্ধে গিয়ে কোনো পেশা বা জীবনধারা আঁকড়ে রাখলে ভেতর থেকে ক্লান্তি বাড়তে থাকে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য হঠাৎ চাকরি বা জীবনযাত্রায় বড় পরিবর্তন না এনে সুপরিকল্পিত পদক্ষপ নেওয়া প্রয়োজন। ভবিষ্যৎ সুরক্ষার জন্য কিছুটা জরুরি অর্থ সঞ্চয় রেখে কর্মজীবন থেকে ছোট বিরতি নিন। প্রতিদিনের ব্যস্ততার মাঝে নিজের জন্য অন্তত কিছু সময় আলাদা করে রাখুন—বই পড়া, গান শোনা কিংবা নিছক অলস সময় কাটানোও মানসিক শক্তি ফেরাতে সাহায্য করে।

সবচেয়ে বড় কথা, এই লড়াইয়ে নিজেকে একা মনে করবেন না। পরিবার ও বন্ধুদের সঙ্গে অনুভূতিগুলো প্রকাশ করুন। প্রয়োজনে অভিজ্ঞ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, বাইরে থেকে সফল দেখানোর চেয়ে নিজের ভেতর থেকে শান্তিতে থাকাটাই জীবনের আসল সার্থকতা।

Post a Comment

0 Comments