কুড়িগ্রামে সারের গুদামে কৃষকদের হানা: ৫ সদস্যের তদন্ত কমিটি, ১০০ বস্তা উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের সংকট ও তীব্র ক্ষোভের মুখে বিএডিসি ডিলারের গুদামে হামলা চালিয়ে সার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে একদল কৃষকের বিরুদ্ধে। গত রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সঠিক কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে লুট হওয়া সারের মধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের শাহ আমানত ট্রেডার্সের ওই গুদামে মোট ৩৪২ বস্তা সার মজুত ছিল। দীর্ঘদিন ধরে সার না পাওয়ার অভিযোগ এনে ক্ষুব্ধ কৃষকরা হঠাৎ ডিলার পয়েন্টে প্রবেশ করেন এবং সেখান থেকে ২০২ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা পটাশ সার নিয়ে যান। খবর পেয়ে বিকেলে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে যান।

পরবর্তীতে উদ্ধার অভিযানে নামে প্রশাসন। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের যৌথ সহায়তায় রোববার রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ১০০ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়। বাকি সার উদ্ধারে বর্তমানে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্য সচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, লুট হওয়া সারের মধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে এবং বাকি সার উদ্ধারে তৎপরতা চলছে। পাশাপাশি ডিলারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন এ প্রসঙ্গে বলেন, কৃষকদের চাহিদানুযায়ী সার সরবরাহের সব ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পাশের ইউনিয়ন থেকেও সার সরবরাহ করা হবে। তবে এভাবে গুদাম থেকে জোরপূর্বক সার নিয়ে যাওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং সার উদ্ধারে অভিযান চলছে।

Post a Comment

0 Comments