মেলবোর্নের মঞ্চে রবীন্দ্রনাটক ‘ডিটেকটিভ’: সাতসমুদ্র পারেও উজ্জ্বল বাংলা সংস্কৃতির আলো

সুদূর অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদযাপিত হলো বাংলা নাটকের অনন্য এক উৎসব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা অবলম্বনে নির্মিত নাটক ‘ডিটেকটিভ’ মঞ্চস্থ করে প্রবাসী দর্শকদের মুগ্ধ করেছে স্থানীয় নাট্যদল ‘অ্যাক্টোম্যানিয়া’। মেলবোর্নের ঐতিহ্যবাহী ড্যানডেনং ড্রাম থিয়েটারে আয়োজিত এই নাট্যপ্রদর্শনী দেখতে প্রবাসী বাঙালি দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পেশাগত জীবনের ব্যস্ততা সামলে দীর্ঘ পাঁচ মাসের কঠোর পরিশ্রম ও মহড়ার পর নাটকটি মঞ্চে নিয়ে আসেন কলাকুশলীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছায়ানটের প্রাক্তন ছাত্রী খাদিজা বীথির দক্ষ নির্দেশনায় নাটকটি অনন্য উচ্চতা পায়। গত প্রায় দুই দশক ধরে মেলবোর্নের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় বীথির নির্দেশনায় তৈরি এই নাটকে ২৫ জন অভিনয়শিল্পী মঞ্চে আলো ছড়িয়েছেন। পাশাপাশি মঞ্চসজ্জা, পোশাক, আবহসংগীত ও আলোক পরিকল্পনা সহ নেপথ্য কারিগর হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন আরও ৪৫ জন স্থানীয় প্রবাসী শিল্পী।

প্রবাসে নাটক নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে নির্দেশক খাদিজা বীথি বলেন, 'মেলবোর্নে নাটক মঞ্চস্থ করার মানে কেবল একদিনের কোনো প্রদর্শনী নয়; এর পেছনে থাকে দীর্ঘ আবেগ ও প্রস্তুতি। টানা পাঁচ মাসের পরিশ্রম শেষে দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন এবং আমাদের উৎসাহিত করেছেন, তাতে আমরা অভিভূত। রবীন্দ্রনাথের এই গল্পটি সমসাময়িক প্রেক্ষাপটেও ভীষণভাবে প্রাসঙ্গিক।'

উল্লেখ্য, ২০১৯ সালে যাত্রা শুরু করা ‘অ্যাক্টোম্যানিয়া’র এটি ১০ম প্রযোজনা। দলটির জ্যেষ্ঠ সদস্য তরুণ ভট্টাচার্য জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখাই তাঁদের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, 'নতুনদের পরিচালনার দায়িত্ব দিয়ে আমরা নতুন প্রতিভা তৈরি করছি। এর আগে ২০২৪ সালে হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘আজ রবিবার’ মঞ্চস্থ করেও আমরা দর্শকদের দারুণ সাড়া পেয়েছিলাম।'

প্রদর্শনী শেষে দর্শকরাও প্রবাসে বাংলা নাটক উপভোগের আনন্দ প্রকাশ করেন। বিশিষ্ট লেখক দিলরুবা শাহানা এবং দীর্ঘদিনের মেলবোর্নপ্রবাসী অধ্যাপক লুৎফর রহমান খান প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করে জানান, প্রবাসের মাটিতে এত নিখাদ নির্মাণশৈলী, চমৎকার আবহসংগীত এবং কলাকুশলীদের পেশাদার অভিনয় দেখা সত্যিই এক বড় পাওনা। সব মিলিয়ে মেলবোর্নের এই নাট্যপ্রদর্শনী প্রমাণ করে দিল—দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাঙালির প্রাণের সংস্কৃতি আজ অবিকল প্রাণবন্ত।

Post a Comment

0 Comments