খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একই পুকুরে ডুবে আরাফ হোসেন (৬) ও মো. রিহান (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফ হোসেন প্রবাসী মনসুর আলীর বড় ছেলে। আর রিহান আজাদ হোসেনের ছেলে। আজাদ হোসেনের বাড়ি বান্দরবানে। তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল মুবিন জানান, রোববার দুপুরে আরাফ ও রিহান খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্বজনরা পুকুরে জাল ফেলেন। প্রায় আধা ঘণ্টা পর দুজনকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আরাফ ও রিহান দুজনই পরিবারের বড় ছেলে এবং প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই শিশুর মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার রাত ১০টার দিকে বরকলের কানাইমাদারী নিদাগীর পাড়ার পারিবারিক কবরস্থানে আরাফের মরদেহ দাফন করা হয়। রিহানের মরদেহ তার গ্রামের বাড়ি বান্দরবানে নিয়ে যাওয়া হয়েছে।

এমআরএএইচ/এমএমকে

Post a Comment

0 Comments