সেনা পরিচয়ে যানবাহনে তল্লাশি-অর্থ আদায়, ২ প্রতারক আটক

লক্ষ্মীপুরের রায়পুরে সেনাসদস্য পরিচয়ে সড়কে যানবাহন থামিয়ে তল্লাশি ও টাকা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, ভুয়া পরিচয়পত্র ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বাসাবাড়ি এলাকা থেকে তাদের আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন—রায়পুর উপজেলার ঝাউডগী গ্রামের রুহুল আমিনের ছেলে মো. সবুজ মিয়া প্রকাশ সবুজ হাসান (২৮) এবং মাদারীপুর জেলার চরহোগলপাতিয়া লঞ্চঘাট এলাকার খলিল হাওলাদারের ছেলে মো. শাকিল হাওলাদার (৪০)।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বাসাবাড়ি-হায়দরগঞ্জ সড়কে আটক দুই ব্যক্তি সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছিলেন। এ সময় তারা চালক ও যাত্রীদের হয়রানি করে টাকা আদায় করে। কথাবার্তায় সন্দেহজনক হলে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এসময় উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও টাকা উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, খবর পেয়ে আটক দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছে ভুয়া পরিচয়পত্র, কিছু টাকা, ওয়াকিটকি পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/কেএইচকে

Post a Comment

0 Comments