মাদরাসা শিক্ষায় আসছে বড় পরিবর্তন, কর্মসংস্থানমুখী হবে কারিকুলাম

মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মবাজারমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ বিষয়ে চলতি মাসের মধ্যেই একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মাদরাসায় উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, মাদরাসা শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো কারিকুলামকে কর্ম বাজারমুখী করা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান নিশ্চিত করা। এর মাধ্যমে দেশে পাশাপাশি বিদেশেও মাদরাসা শিক্ষার্থীদের কর্মক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় সরকার।

তিনি বলেন, অন্যান্য শিক্ষা ধারার শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের দক্ষতা ও সুযোগের যে ব্যবধান তৈরি হয়েছে, তা কমিয়ে আনতে চায় সরকার। দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে তাদের জাতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

কারিকুলাম যুগোপযোগী করার ক্ষেত্রে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ নেওয়া হয়েছে জানিয়ে ইউজিসির এ সদস্য বলেন, ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার ভিত্তিতে চলতি মাসের মধ্যেই কর্মপরিকল্পনা চূড়ান্ত করে তা শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

কর্মশালায় মাদরাসা শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ, ইউজিসির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে যুক্ত করা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং স্টার্টআপসহ দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী ও কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম। কর্মশালায় ৩০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

এএএইচ/কেএইচকে

Post a Comment

0 Comments