করোনাকালের অক্সিজেন অবকাঠামো অকেজো, স্বাস্থ্যসেবায় সমতা আনার জোর তাগিদ বিশেষজ্ঞদের

দেশে স্বাস্থ্যসেবার পরিধি ও চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসাসংক্রান্ত অক্সিজেনের ঘাটতি। করোনা মহামারির চরম সংকটের সময় দেশে যে বিপুল অক্সিজেন সরবরাহ অবকাঠামো গড়ে তোলা হয়েছিল, তার একটি বড় অংশই এখন সঠিক পরিচর্যা ও পরিকল্পনার অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, স্বাস্থ্য খাতের এই মারাত্মক অবহেলা বা ঘাটতিকে আর উপেক্ষা করার কোনো সুযোগ নেই। প্রতিটি রোগীর জন্য সাশ্রয়ী ও গুণগত মানের অক্সিজেন থেরাপি নিশ্চিত করতে এখনই দ্রুত নীতিনির্ধারণী পদক্ষেপ নেওয়া জরুরি।

সম্প্রতি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মাল্টিপারপাস হলে আয়োজিত এক বিশেষ সংলাপে বক্তারা এসব কথা বলেন। 'ফ্রম এভিডেন্স টু অ্যাকশন: স্ট্রেনদেনিং ইকুইটেবল অ্যাকসেস টু মেডিক্যাল অক্সিজেন ইন বাংলাদেশ' শীর্ষক এই সংলাপে দেশের প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও গবেষকেরা অংশ নেন। আইইউবির 'সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস' (চিপস) এই আয়োজন করে, যেখানে সহযোগিতা প্রদান করে বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ফোয়ারা তাসমিম বলেন, গবেষণালব্ধ তথ্য ও প্রমানকে সরাসরি সরকারি নীতিনির্ধারণী উদ্যোগে রূপান্তর করা এখন সময়ের দাবি। স্বল্পমূল্যে মানসম্মত সেবা পৌঁছাতে তিনি গবেষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা আহ্বান করেন। একই সঙ্গে অক্সিজেনের সমতাভিত্তিক বণ্টন নিশ্চিতে প্রশাসনিক কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী অক্সিজেনের গুণগত মান এবং সরবরাহ ব্যবস্থার নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, অক্সিজেনের টেকসই প্রাপ্যতা নিশ্চিতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, দাতাসংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোকে একযোগে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংলাপে আইসিডিডিআর,বি-র বিজ্ঞানী এহসানুর রহমান 'ল্যানসেট গ্লোবাল হেলথ কমিশন'-এর পর্যালোচনার আলোকে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল প্রবন্ধের পর এক প্রাণবন্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বারডেম হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান মো. আবিদ হোসেন মোল্লা, প্রখ্যাত বিজ্ঞানী শামস এল আরেফিন, রোগতত্ত্ববিদ মামুনুর রহমান মালিক এবং সাংবাদিক শিশির মোড়ল আলোচনায় অংশ নিয়ে দেশে স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিতে সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেন।

Post a Comment

0 Comments