ইউআইইউয়ে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলার সিরিজ সেমিনার অনুষ্ঠিত

এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) মানদণ্ডে নারীদের জন্য কর্মজীবন ও ব্যবসায়িক ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করছে। তবে যথাযথ পরিকল্পনা, নীতিগত সহায়তা ও কার্যকর বাস্তবায়ন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এসব মানদণ্ড পরিপালনের ক্ষেত্রে নারী মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ও অসম চাপের মুখে পড়তে পারে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের (এসওবিই) উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের তৃতীয় সেমিনার হিসেবে ‘নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপ আইএফসির সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট আফিফা রাইহানা। তিনি তাঁর বক্তব্যে কীভাবে ইএসজি ও জলবায়ু–সম্পর্কিত আবশ্যকতা ব্যবসায়িক কৌশল, বিনিয়োগের সিদ্ধান্ত, বাজারে প্রবেশাধিকার, প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদি স্থিতিস্থাপকতার ওপর ক্রমবর্ধমান প্রভাব ফেলছে, সেগুলো তুলে ধরেন। তিনি বলেন, পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, ইএসজি রিপোর্টিং, টেকসই অর্থায়ন, পরিবেশগত পরামর্শ এবং জলবায়ু ঝুঁকি মূল্যায়নের মতো ক্ষেত্রগুলোয় নারীদের জন্য নতুন ও সম্ভাবনাময় কর্মজীবনের সুযোগ তৈরি হচ্ছে। এসব সুযোগ কাজে লাগাতে কারিগরি জ্ঞানের পাশাপাশি কার্যকর যোগাযোগের দক্ষতা, অংশীজনদের সঙ্গে সম্পৃক্ততা ও নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

মূল বক্তব্যের পর স্বাস্থ্যসেবা, নির্মাণ ও শিক্ষা খাতের তিন বিশিষ্ট পেশাজীবীর অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের টেকসই অনুশীলনের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্র ও ব্যবসায়িক পরিবেশের পরিবর্তিত চাহিদার সঙ্গে পরিচিত করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতের কর্মজীবনের জন্য আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠতে পারে।

পুরুষপ্রধান নির্মাণশিল্পে নিজের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে ফ্রান্সভিত্তিক মেনার্ড গ্রুপের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ফাহিমা শাহাদাত প্রযুক্তিগত কর্মক্ষেত্রে প্রবেশ ও নেতৃত্বের পর্যায়ে এগিয়ে যেতে নারীদের মুখোমুখি হওয়া বিভিন্ন পেশাগত ও সামাজিক প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই পরিবেশগত দায়বদ্ধতা, উদ্যোক্তা মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।

নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক ও মডারেটর অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, শীর্ষস্থানীয় শিল্প বিশেষজ্ঞ ও পেশাজীবীদের ইউআইইউর শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত করার মাধ্যমে একাডেমিক শিক্ষা ও পেশাগত বাস্তবতার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক সালমা করিম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন করপোরেট সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments