‘ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এর আশপাশের এলাকা মাদক সেবন ও কেনাবেচার ‘হাব’ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

তিনি বলেন, মাদক, গাঁজা, ইয়াবা থেকে শুরু করে সব ধরনের মাদকদ্রব্য সেবন এবং ক্রয়-বিক্রয়ের হাব হচ্ছে ঢাকা মেডিকেল এলাকা। মাঝে মাঝে মনে হয় ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘গাঁজাখোর জোন’।

সোমবার (২৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শাহবাগ থানার তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম শরীয়াতুল্লাহ এসব কথা বলেন। শাহবাগ থানার সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

কে এম শরীয়াতুল্লাহ বলেন, ঢাকা মেডিকেল কলেজ এ দেশের আপামর জনগণের আস্থার জায়গা। সারাদেশ থেকে মানুষ উন্নত চিকিৎসার জন্য এখানে ছুটে আসে। কিন্তু এখানকার অনুন্নত ব্যবস্থা ও পরিবেশ—দুটিই স্বাভাবিক ও প্রত্যাশিত ব্যবস্থার বিপরীত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। অথচ রাজধানীর হৃদপিণ্ডে মাদক কারবারিদের আস্থার জায়গা গড়ে উঠেছে। দেখার মতো মনে হয় কেউ নেই। আমরা এগুলো নিয়ে আগেও বলেছি, এখনো বলছি। কর্তৃপক্ষ কি এসব অপকর্ম চোখে দেখে না?

দেশের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নের দাবি জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, দেশের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে আধুনিকতার ছোঁয়া দিতে হবে। আধুনিক যুগেও দেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে, যা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। চিকিৎসাব্যবস্থায় আমূল পরিবর্তন জরুরি। তা না হলে মানুষের মৌলিক অধিকার রক্ষা করা সম্ভব নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন। থানা সেক্রেটারি হাজী কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় সভায় ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এমইউ/কেএইচকে

Post a Comment

0 Comments