বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা

বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি ও অনলাইন কোচিং কার্যক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের (বিচারক) সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে কোচিংয়ের প্রচারে বিচারকদের নাম, পদবি, ছবি ও পরিচয় ব্যবহার এবং বাণিজ্যিক কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী প্রস্তুত, প্রকাশ বা সরবরাহের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচার শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। প্রধান বিচারপতির অনুমোদনক্রমে জারি করা পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা পরিপত্রে বলা হয়েছে, বিচার বিভাগের সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

পরিপত্রে আরও বলা হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে কোচিংয়ের প্রচার-প্রচারণায় কোনো বিচারকের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করা যাবে না। কোনো বিচারকও এ ধরনের ব্যবহার অনুমোদন করতে পারবেন না। বিচারিক দায়িত্ব পালনের সুবাদে পাওয়া গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা।

এসব নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলাসংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এফএইচ/কেএইচকে

Post a Comment

0 Comments