প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত চার স্থায়ী কমিটি সদস্যের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে দলীয় ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাতে স্থায়ী কমিটির নতুন চার সদস্য—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ অংশ নেন। বৈঠককালে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে নবনিযুক্ত সদস্য রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে চেয়ারম্যান তাঁদের ওপর যে বিশ্বাস ও আস্থা রেখে অন্তর্ভুক্ত করেছেন, অর্পিত সেই দায়িত্ব তাঁরা সর্বাত্মক নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে সকালে স্থায়ী কমিটির নতুন চার সদস্য রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁরা শ্রদ্ধা নিবেদন শেষে দেশের মঙ্গল ও দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, তাঁদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতা দল এবং জনগণের স্বার্থে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিলে স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে একাধিক প্রবীণ সদস্যের মৃত্যু ও পদত্যাগের কারণে কিছু পদ শূন্য হয়ে পড়ে। দীর্ঘদিন পর এবার একসঙ্গে চারজন নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো। বর্তমানে ১৯ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যসংখ্যা পূরণের পাশাপাশি নতুনদের অন্তর্ভুক্তিতে রাজনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

0 Comments