শিক্ষার্থী ও এলাকাবাসীর মানবিক উদ্যোগ: বিশ্বনাথে প্রয়াত অফিস সহকারীর পরিবার পেল ৮ লাখ টাকা

সিলেটের বিশ্বনাথে এক অনন্য মানবিকতার নজির স্থাপন করেছেন আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির সদ্য প্রয়াত অফিস সহকারী মো. আশরাফুল ইসলামের পরিবারের আর্থিক সুরক্ষায় তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ আট লাখ টাকার অনুদান। শিক্ষার্থী ছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর যৌথ সহযোগিতায় এই তহবিল সংগ্রহ করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কয়েকজন গুণী প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক জাহিদ বিন কাশেম। তিনি প্রবাসে ও দেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের পাঠানো আট লাখ টাকা প্রয়াত আশরাফুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এই মহতী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক কাউসার উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ শিক্ষক হোসাইন আহমদ চৌধুরী। শোকসভায় বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রেন্টু আলী, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোমেন, সাবেক শিক্ষক রোকেয়া পারভীন, আমিরুল ইসলাম, মোহাম্মদ টিপু সুলতান, শিব্বির আহমেদ, প্রতিষ্ঠানের সাবেক পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান, আব্দুল হামিদ, হলি চাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান, স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব গণি শাহ্ এবং প্রয়াত আশরাফুল ইসলামের মেজো ছেলে সাব্বির আহমদ।

এছাড়া প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে চুনু মিয়া, তাজুল ইসলাম, মাহবুব আহমদ, বিজন চন্দ্র দাস বিজয়, এস আই সেবুল, রেজাউল ইসলাম, শামসুদ্দিন, তাকজিবা আক্তার তাইবা ও ফাহমিদা বেগম প্রয়াত অফিস সহকারীর কর্মজীবন ও তাঁর ব্যক্তিত্ব নিয়ে আবেগঘন বক্তব্য প্রদান করেন।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভা শুরু হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত মো. আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মনসুর আহমদ বিপ্লবী। প্রিয় সহকর্মীর পরিবারের প্রতি শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও দায়িত্ববোধ পুরো এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

Post a Comment

0 Comments