স্থানীয় নির্বাচনে ইসলামপন্থীদের ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান মামুনুল হকের

স্থানীয় সরকার নির্বাচনে অসৎ, দুর্নীতিবাজ ও কমিশননির্ভর ব্যক্তিদের ঠেকিয়ে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামপন্থীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসলামপন্থী ও নীতিবান মানুষ নিষ্ক্রিয় থাকলে স্বাভাবিকভাবেই সমাজে অযোগ্য ও অসৎ ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত 'তৃণমূলের প্রার্থী বাছাই কমিটি'র এক গুরুত্বর্পূণ সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও সত্যিকারের জনকল্যাণমুখী করতে হলে নিবেদিতপ্রাণ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচনী মাঠে সক্রিয় হতে হবে। অর্থ ও পেশিশক্তির প্রভাবমুক্ত করে তৃণমূল পর্যায় থেকে সঠিক প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা সময়ের দাবি। ইসলামপন্থীরা নীরব থাকলে এবং সৎ মানুষ নির্বাচনে অংশ না নিলে অসৎ ও অর্থলোভী গোষ্ঠী সেই সুযোগ গ্রহণ করবে।

নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার তীব্র সমালোচনা করে খেলাফত মজলিসের আমীর বলেন, স্থানীয় নির্বাচনে প্রভাবশালী মহল ও অর্থশক্তির দাপট কমাতে কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনের উদাসীনতা ও নিষ্ক্রিয়তার কারণেই প্রায়শই প্রকৃত জনদরদি ও গ্রহণযোগ্য প্রার্থীরা নির্বাচনী প্রতিযোগিতায় উঠে আসতে পারেন না, যা কমিশনের দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল।

তিনি আরও জোর দিয়ে বলেন, কেবল নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনগুলোকেও স্ব-স্ব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ ও জনগণের সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ইউনিয়ন, পৌরসভা ও স্থানীয় পর্যায়ে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে এখন থেকেই তৃণমূল পর্যায়ে সাংগঠনিক জোরদার কার্যক্রম চালাতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় উক্ত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী ও মাওলানা মুফতি শরাফত হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments