গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে হাসপাতালে

গাজীপুরের শ্রীপুরে এক কৃষকদল নেতার কার্যালয়ে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলির আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওই কৃষকদল নেতা। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই কৃষকদল নেতার নাম জজ মিয়া। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়ন ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। জজ মিয়া গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে জজ মিয়ার কার্যালয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, শনিবার রাতে তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে লেজার লাইটে তাকে টার্গেট করে। এরপর তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ওসি শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, গুলি ছোড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিহাব খান/বিএ

Post a Comment

0 Comments