রাজবাড়ীতে ৮ লাখ টাকা হাতাতে ৩ হাজার টাকায় ভাড়াটে ঘাতক! নিজ ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর ব্যবসায়ী ফারুক শেখ (৪৪) হত্যাকাণ্ডের রহস্য মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে জেলা পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে এক শিহরে ওঠার মতো তথ্য—আট লাখ টাকার লোভে মাত্র তিন হাজার টাকায় দোকানের দুই কর্মচারীকে চুক্তি করে আপন বড় ভাই ফারুককে কুপিয়ে হত্যা করেছে তার ছোট ভাই বারেক শেখ।

রোববার (রোববার বিকেল পাঁচটায়) রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক। এর আগে গত শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছোট ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকালে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো দা, রক্তমাখা পোশাক, মাস্ক ও আসামিদের মুঠোফোন উদ্ধার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নিহত ফারুক শেখের ছোট ভাই বারেক শেখ (৪০) এবং গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকার দোকানের দুই কর্মচারী আলমগীর হোসেন (২৬) ও রুবেল শেখ (৩০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বারেক শেখ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত পারিবারিক দীর্ঘদিনের কলহ এবং ব্যাংকে রাখা বড় ভাই ফারুকের গচ্ছিত প্রায় আট লাখ টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট) একাই আত্মসাৎ করার লোভে এই নৃশংস হত্যাকাণ্ডের ছক আঁকেন তিনি।

পুলিশ আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী বারেক শেখ কয়েক মাস আগেই রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার থেকে দুটি ধারালো দা কিনে গোপনে সংগ্রহে রাখেন। পরবর্তীতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার পারিবারিক দোকানের দুই কর্মচারী আলমগীর ও রুবেলকে হত্যা বাস্তবায়নে রাজি করান। এই কাজের জন্য তাদের সঙ্গে মাত্র তিন হাজার টাকার চুক্তি হয় এবং কাজের সাময়িক খরচ হিসেবে অগ্রিম ১ হাজার ৭০০ টাকা প্রদান করা হয়।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, গত শনিবার বেলা আনুমানিক ১টার দিকে গোয়ালন্দ পৌর জামতলা বাজার-সংলগ্ন নিজ ঘরে ফারুক শেখ ঘুমিয়ে থাকা অবস্থায় ঘাতকেরা ঘরে প্রবেশ করে। ঘুমন্ত ফারুকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো দা দিয়ে গলা ও দুই হাত কেটে বিচ্ছিন্ন করে অত্যন্ত নির্মমভাবে তাঁকে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Post a Comment

0 Comments