ইতালিতে জেমসের দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, যা বললেন ম্যানেজার রবিন

ইতালিতে গান পরিবেশন ও কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘নগরবাউল’ জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগকে স্রেফ একটি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভিহিত করেছেন রবিন। শুক্রবার রাতে ভেনিস থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট জানান, যে কেউ চাইলেই যে কারও বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন, তবে অভিযোগ তোলা মানেই তা সত্য প্রমাণিত হয়ে যাওয়া নয়। পুরো বিষয়টি তারা আইনিভাবেই মোকাবিলা করবেন।

ঘটনার বিস্তারিত থেকে জানা গেছে, গত ২১ আগস্ট ইতালির রোমের অ্যাচিলিয়া এলাকার কারাবিনিয়েরি পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী বাংলাদেশি কনসার্ট আয়োজক আবুল মোয়াজ। পুলিশকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, রোম ও ভেনিসে নগরবাউলের কনসার্ট আয়োজনের জন্য জেমসের টিমকে সর্বমোট ৩৫ হাজার ইউরো দেওয়া হয়েছিল। নথিপত্র অনুযায়ী, এই অর্থ লেনদেনের বিষয়টি জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতার সঙ্গে সম্পর্কিত।

তবে দায়ের করা সেই অভিযোগে রকার জেমস নিজে কোনো অর্থ গ্রহণ করেছেন বা ব্যক্তিগতভাবে কোনো প্রতারণার সঙ্গে যুক্ত—এমন কোনো অভিযোগ বা তথ্য উল্লেখ করা হয়নি। বিষয়টি মূলত কনসার্ট আয়োজক ও ব্যান্ড ব্যবস্থাপনার মধ্যকার চুক্তি সংক্রান্ত মতপার্থক্য থেকে সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে ম্যানেজার রবিন সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি পুলিশের কাছে দেওয়া একটি অভিযোগ মাত্র। অভিযোগ গ্রহণ করা হয়েছে মানেই তা প্রমাণিত বা চূড়ান্ত রায় নয়। আমি আগেও বলেছি, আমরা যদি কোনোভাবে চুক্তি ভঙ্গ করে থাকি, তবে আমাদের বিরুদ্ধে তারা যেকোনো আইনি ব্যবস্থা নিতে পারেন। তবে এই মুহূর্তে আমরা আগামী ২৩ আগস্টের ভেনিস কনসার্ট সফল করা নিয়েই পুরো ব্যস্ত। আপাতত অন্য কোনো বিষয় নিয়ে ভাবার অবকাশ নেই।’

উল্লেখ্য, ইউরোপজুড়ে প্রবাসী বাঙালিদের মাঝে জেমস ও নগরবাউলের কনসার্ট ঘিরে ব্যাপক উন্মাদনা রয়েছে। আইনি জটিলতার খবর চাউর হলেও নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ আগস্ট ভেনিসের কনসার্ট সম্পন্ন করতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জেমসের দল। পুরো বিষয়টি এখন ইতালির স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

Post a Comment

0 Comments