জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার বাড়ল। নতুন করে পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। আজ রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে।

এর মধ্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। আর বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন (আগে এই মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রী ছিলেন)। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি পদে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। শপথের পর রাতে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মঈন খান। নতুন মন্ত্রী সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। মন্ত্রিসভা গঠনের তিন মাসের মাথায় দীপেন দেওয়ান পদত্যাগ করায় এই মন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।

অন্যদিকে নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে শামীম কায়সার (লিংকন) পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে শামা ওবায়েদ ইসলামও বহাল আছেন। অর্থাৎ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী।

Post a Comment

0 Comments