দেশে এল হিরো মোটোকর্পের দুটি নতুন বাইক

মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির বিষয়কে মাথায় রেখে দেশের বাজারে হিরো মোটোকর্প বাংলাদেশে এক্সপালস ২০০ ৪ভি ও এক্সপালস ২০০ ৪ভি প্রো বাজারে এনেছে। গতকাল শুক্রবার রাজধানীতে নতুন এই দুই মডেলের বাইকের ঘোষণা দেওয়া হয়। নতুন দুই মডেল বাজারে আনার মাধ্যমে বাংলাদেশে অন–রোড ও অফ–রোড অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে বাজার সম্প্রসারণ করেছে হিরো মোটোকর্প। একই সঙ্গে বিশ্বজুড়ে পরিচিত এক্সপালস এখন বাংলাদেশের আরোহীদের জন্যও নিয়ে এল প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হর্ষবর্ধন চিতালে বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে শুধু একটি গুরুত্বপূর্ণ বাজার নয়। এটি আমাদের বৈশ্বিক পরিচয় ও উৎপাদন কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। ১২ বছর ধরে হিরোর দেশ বাংলাদেশ দর্শনকে সামনে রেখে আমরা এ দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছি। নিলয় মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে আধুনিক উৎপাদন কারখানা, সম্প্রসারিত সার্ভিস নেটওয়ার্ক এবং বাংলাদেশি কর্মীদের নিয়ে আমরা এখানে একটি শক্তিশালী স্থানীয় ইকোসিস্টেম গড়ে তুলেছি। আমরা বাংলাদেশে শুধু পণ্য নিয়ে আসছি না; এ দেশেই উৎপাদন করছি, কর্মসংস্থান সৃষ্টি করছি এবং দেশের সঙ্গে একসঙ্গে এগিয়ে যাচ্ছি। এক্সপালস ২০০ সিরিজ বাজারে আনার মাধ্যমে বাংলাদেশের সড়কের উপযোগী বিশ্বমানের প্রকৌশল নিয়ে দেশে অ্যাডভেঞ্চার মোটরসাইকেল–সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রিয় আরোহীদের জন্য তৈরি এক্সপালস ২০০ সিরিজে দুর্গম পথে চলার সক্ষমতা, দৈনন্দিন ব্যবহারের সুবিধা ও আধুনিক রাইডিং প্রযুক্তির সমন্বয় রয়েছে। এটি তৈরিতে হিরো মোটোকর্পের ডাকার অ্যাডভেঞ্চার দর্শন থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। দুই মোটরসাইকেলেই রয়েছে ১৯৯.৬ সিসি, ৪–ভাল্‌ভ, সিঙ্গেল–সিলিন্ডার, অয়েল–কুলড ইঞ্জিন, যা ৮,৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি পাওয়ার এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৫–স্পিড ট্রান্সমিশন।

উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে তিনটি এবিএস মোড। রোড, অফ–রোড ও র‍্যালি; ডুয়াল–পারপাস টায়ার; অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন; এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার; ব্লুটুথ কানেকটিভিটি; টার্ন–বাই–টার্ন নেভিগেশন; ক্লাস–ডি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও এলইডি ডিআরএল; ব্যাশ প্লেট; হ্যান্ডগার্ড, বাঞ্জি হুকসহ লাগেজ প্লেট।

দেশজুড়ে বিক্রয় ও সার্ভিসের সুবিধা

বাংলাদেশে নিলয় মোটরস লিমিটেডের মাধ্যমে হিরো মোটোকর্পের মোটরসাইকেল বাজারজাত করা হয়। বর্তমানে দেশজুড়ে ৫৩০টির বেশি অনুমোদিত সেলস ও সার্ভিস আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি নতুন মোটরসাইকেল কেনার সঙ্গে গ্রাহকেরা পাঁচ বছরের ওয়ারেন্টি ও বিমার সুবিধা পাবেন।

এক্সপালস ২০০ ৪ভির দাম রাখা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার টাকা ও এক্সপালস ২০০ ৪ভি প্রোর দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা। হিরো মোটোকর্প ও নিলয় মোটরস যৌথভাবে দেশজুড়ে ৫৩০টির বেশি অনুমোদিত সেলস ও সার্ভিস আউটলেটের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে।

Post a Comment

0 Comments