‘৫ বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে’— সাবেক এমপি গাজী নজরুলের প্রলোভন নিয়ে মুখ খুললেন চালক ওবায়দুর

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ঢেকে রাখতে প্রলোভন দেওয়া ও হামলার মারাত্মক অভিযোগ তুলেছেন তাঁর সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলার পর থেকে তাঁকে নানা প্রলোভন দেখানোর পাশাপাশি মামলা ও হামলার শিকার হতে হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান এসব বিস্ফোরক তথ্য জানান। মূলত তাঁর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, নিজের নিরাপত্তা ও ওপর ঘটে যাওয়া হামলার বিচারের দাবিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওবায়দুর দাবি করেন, গত ১৮ জুন তিনি সাবেক এমপি গাজী নজরুলের সঙ্গে এক তরুণীর অনৈতিক সম্পর্কের বিষয়টি বুঝতে পারেন। ওই তরুণী সম্পর্কে তাঁর আত্মীয় হন। বিষয়টি নিয়ে ২০ জুন ঢাকার এমপি হোস্টেলে গিয়ে সরাসরি গাজী নজরুলের মুখোমুখি হন তিনি। তখন গাজী নজরুল অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিষয়টি গোপন রাখতে প্রলোভন দেন। ওবায়দুরের ভাষ্য অনুযায়ী, ‘গাজী নজরুল আমাকে প্রস্তাব দেন পাঁচ বছর তাঁর সঙ্গে গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে থাকলে আমার জীবন বদলে যাবে। তবে আমি টাকার প্রস্তাবে রাজি না হয়ে তরুণীর নিরাপত্তা এবং প্রমাণের স্বার্থে গাড়িচালকের কাজ শুরু করি।’

ওবায়দুর আরও জানান, গত ২২ জুন পল্লবী মেট্রোরেল স্টেশনের একটি কফি শপ, ৯ জুলাই মিরপুরের একটি প্রশিক্ষণকেন্দ্র এবং ১৩ জুলাই মগবাজারের এক রেস্টহাউসে ওই তরুণীসহ গাজী নজরুলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এসব ঘটনার পর্যাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ তাঁর কাছে রয়েছে।

হামলার শিকার হওয়ার বর্ণনা দিয়ে ওবায়দুর বলেন, গত ১৪ জুলাই রাতে খিলক্ষেত এলাকায় তরুণীর বাবা এবং আমিনুর নামে এক ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং গলা টিপে হত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ২১ জুলাই পল্লবী থানায় মামলা দায়ের করেন তিনি। মামলাটি পরবর্তীতে গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তরিত হয় এবং কয়েকজন গ্রেপ্তার হলেও পরে আদালত থেকে তাঁরা জামিন পেয়ে যান।

পাল্টা মামলার বিষয়ে ওবায়দুর অভিযোগ করেন, ঘটনাটি ভিন্ন খাতে নিতে ২ আগস্ট তাঁর বিরুদ্ধে নারী অপহরণ ও পাচারের অভিযোগে মামলা করান সাবেক এমপি। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে। ওবায়দুরের দাবি, মূল মামলা তুলে নিতে তাঁকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তাঁর বৃদ্ধা মা ও পরিবারকে বাড়ি ছেড়ে ফেরারি জীবন যাপন করতে হচ্ছে। নিরাপত্তার অভাবে ২০ আগস্ট তিনি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ওই তরুণীর সঙ্গে গাজী নজরুলের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তখন গাজী নজরুল দাবি করেছিলেন ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী এবং ওবায়দুর তাঁকে জিম্মি করে টাকা হাতিয়ে ভিডিও ফাঁস করেছেন। গাড়িচালক ওবায়দুরের সংবাদ সম্মেলনের পর পুরো ঘটনাটি এখন নতুন মোড় নিয়েছে।

Post a Comment

0 Comments